ঢাকার সড়কে এআই ক্যামেরার প্রভাব, নিয়ম মানতে শুরু করেছেন চালকেরা
রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে এআই-প্রযুক্তির ক্যামেরা বসানোর পর ট্রাফিক নিয়ম মানার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে সিগন্যাল অমান্য, লেন ভঙ্গ ও জেব্রা ক্রসিং দখলের মতো আচরণ আগের তুলনায় কমে এসেছে।
রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে এআই-প্রযুক্তির ক্যামেরা বসানোর পর ট্রাফিক নিয়ম মানার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে সিগন্যাল অমান্য, লেন ভঙ্গ ও জেব্রা ক্রসিং দখলের মতো আচরণ আগের তুলনায় কমে এসেছে।
ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কয়েকটি পয়েন্টে বসানো হয়েছে ২৫টি এআই ক্যামেরা। এসব ক্যামেরা লাল বাতি অমান্য, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, লেন ভঙ্গ ও নিষিদ্ধ লেনে প্রবেশ শনাক্ত করতে সক্ষম।
সরেজমিনে দেখা গেছে, সিগন্যাল লাল হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে মোটরসাইকেল ও গাড়ি। অনেক চালক জেব্রা ক্রসিংয়ের আগেই গাড়ি থামাচ্ছেন। সবুজ বাতি জ্বলার আগ পর্যন্ত অপেক্ষাও করছেন অনেকে—যা ঢাকার সড়কে আগে খুব কমই দেখা যেত।
ডিএমপি জানিয়েছে, চলতি মাসের শুরুতে চালু হওয়া এই সিস্টেমের মাধ্যমে প্রথম সপ্তাহেই ৩০০টির বেশি ট্রাফিক মামলা হয়েছে। ভিডিও প্রমাণ থাকায় মামলার ভয়ে চালকদের আচরণে পরিবর্তন এসেছে বলে মনে করছেন কর্মকর্তারা।
শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও বিমানবন্দর সড়কসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এআই নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।
তবে উন্নতির পরও কিছু এলাকায় এখনো উল্টোপথে চলাচল, সিগন্যাল ভাঙা ও বেপরোয়া লেন পরিবর্তনের ঘটনা দেখা যাচ্ছে। পাশাপাশি অনেক পথচারীও জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্ম সারওয়ার জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের ক্যামেরা স্থাপন করা হবে।
ডালাস বার্তা প্রতিবেদক