ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১১ বাংলাদেশির মৃত্যু, মিসরে উদ্ধার ১৮
লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা একটি নৌকায় ১১ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে ভূমধ্যসাগরে ৯ দিন ভেসে থাকার পর গত ১৩ আগস্ট মিসরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়।
লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা একটি নৌকায় ১১ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে ভূমধ্যসাগরে ৯ দিন ভেসে থাকার পর গত ১৩ আগস্ট মিসরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়।
ভিউজবাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ আগস্ট রাতে ৩৮ বাংলাদেশি ও ৪ সুদানিসহ মোট ৪২ জন যাত্রী নিয়ে নৌকাটি রওনা দেয়। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে নৌকার খাবার ও পানি সমুদ্রে ভেসে যায়।
বেঁচে ফেরা যাত্রী সুনামগঞ্জের আবদুল করিম জানান, প্রথমে ৯ জন বাংলাদেশি মারা যান, পরে আরও ২ জনের মৃত্যু হয়। পচন ধরতে শুরু করায় মরদেহগুলো সমুদ্রে ভাসিয়ে দিতে বাধ্য হন যাত্রীরা।
মিসরের নিরাপত্তা বাহিনী মারসা মাতরুহ উপকূল থেকে ২৯ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ও আহত ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ দূতাবাস আহতদের সুস্থতা ও প্রত্যাবাসনের জন্য মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। ভূমধ্যসাগর পথে বাংলাদেশি অভিবাসীদের ইউরোপ পৌঁছানোর চেষ্টায় এর আগেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে।
সূত্র: ভিউজবাংলাদেশ