হার্ভার্ডের মর্গ থেকে মরদেহের অঙ্গ চুরি, ৫ কোটি ৩০ লাখ ডলারে নিষ্পত্তি
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের মেডিকেল স্কুলের মর্গ থেকে দান করা মরদেহের অঙ্গ চুরি ও কালোবাজারে বিক্রির ঘটনায় ৫ কোটি ৩০ লাখ ডলারের শ্রেণি মামলা নিষ্পত্তিতে রাজি হয়েছে। বোস্টনের সাফোক সুপিরিয়র কোর্টের একজন বিচারক এই সপ্তাহে চুক্তিটির প্রাথমিক অনুমোদন দিয়েছেন।

হার্ভার্ড মেডিকেল স্কুলের অ্যানাটমিক্যাল গিফট প্রোগ্রামের সাবেক মর্গ ম্যানেজার সেড্রিক লজ প্রায় তিন দশক ধরে এই পদে কর্মরত ছিলেন। ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিনি শিক্ষা ও গবেষণার জন্য দান করা মরদেহ থেকে মস্তিষ্ক, চামড়া, হাত, মুখমণ্ডলসহ বিভিন্ন অঙ্গ চুরি করেন।
প্রসিকিউটরদের মতে, লজ চুরি করা মানবদেহের চামড়া দিয়ে চামড়া পাকা করে বইয়ের মলাট তৈরি করা হয়েছিল, যাকে সহকারী মার্কিন অ্যাটর্নি অ্যালিসান মার্টিন গভীরভাবে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। লজ ও তার স্ত্রী ডেনিস লজ চুরি করা অঙ্গগুলো ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের ক্রেতাদের কাছে বিক্রি করতেন।
সেড্রিক লজকে ৯৬ মাস বা আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী ডেনিস লজ ১২ মাস ও একদিনের সাজা পেয়েছেন। আরও ছয়জন সহযোগী যারা লজের কাছ থেকে মরদেহের অঙ্গ কিনেছিলেন, তারাও দোষ স্বীকার করেছেন।
গত ১৭ আগস্ট রোববার হার্ভার্ড ও বাদীপক্ষ যৌথভাবে আদালতে ৫ কোটি ৩০ লাখ ডলারের নিষ্পত্তি অনুমোদনের আবেদন করে। চুক্তি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত যেসব দাতার দেহাবশেষ মর্গের মধ্য দিয়ে গেছে, তাদের যোগ্য আত্মীয়দের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।