১৯৯১-এর পর প্রথম প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

বাংলাদেশে ১৯৯১ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, জামায়াতনেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

Aug 20, 2026 - 19:07
১৯৯১-এর পর প্রথম প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল
উইকিমিডিয়া কমন্স: DelwarHossain

বাংলাদেশে ১৯৯১ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, জামায়াতনেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

দ্য ডেইলি স্টার জানিয়েছে, গত ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়েছেন এবং অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ছয়জন ভোট দেননি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিকেল পাঁচটা বিশ মিনিটে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের পরপরই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং ক্যাবিনেট বিভাগ জানায় ২১ আগস্ট রাত সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে।

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান উঠে দাঁড়িয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং তাকে একটি গোলাপ উপহার দেন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ সংসদের উভয় পক্ষের সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা না থাকলে রাষ্ট্রপতির পদ আরও মর্যাদাসম্পন্ন হতো। বাংলাদেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে।

সূত্র: দ্য ডেইলি স্টার