৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি বেআইনি, ফেডারেল আদালতের রায়ে স্বস্তি বাংলাদেশিদের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করেছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট এ. ভার্গাস পররাষ্ট্র দপ্তরের এই সামগ্রিক নীতি বাতিলের আদেশ দেন।

Aug 22, 2026 - 14:00
৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি বেআইনি, ফেডারেল আদালতের রায়ে স্বস্তি বাংলাদেশিদের

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করেছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট এ. ভার্গাস পররাষ্ট্র দপ্তরের এই সামগ্রিক নীতি বাতিলের আদেশ দেন।

গত ২১ আগস্ট শুক্রবার এই রায় ঘোষিত হয়। কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের পক্ষ থেকে দায়ের করা মামলায় পররাষ্ট্র দপ্তরের ১৪ জানুয়ারির ঘোষণা ও পরবর্তী নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর এই নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আবেদনকারীরা আবেদন জমা ও সাক্ষাৎকার দিতে পারলেও ভিসা ইস্যু বন্ধ ছিল। সরকারের যুক্তি ছিল, এসব দেশের অভিবাসীদের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেশি।

আদালত বলেছেন, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা যাবে না। আইনের অধীনে প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি পৃথকভাবে মূল্যায়ন করতে হবে। এর আগে ৩১ জুলাই ওয়াশিংটন ডিসির আদালতও একটি পৃথক মামলায় একই নীতিকে বেআইনি বললেও পুরো নীতি বাতিল করেননি।

বাংলাদেশি অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য এই রায় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ জানুয়ারি থেকে পারিবারিক ও কর্মসংস্থানভিত্তিক ভিসা প্রক্রিয়া স্থগিত ছিল। তবে নীতি বাতিল হলেও প্রতিটি আবেদন কনস্যুলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং সরকার উচ্চতর আদালতে আপিল করতে পারে।