ইরানের প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সংকট নিরসনের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে রোববার এই প্রস্তাব দেয় দেশটি। তবে, ইরানের দেওয়া জবাব পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ইরানের প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সংকট নিরসনের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে রোববার এই প্রস্তাব দেয় দেশটি। তবে, ইরানের দেওয়া জবাব পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ইরানের প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে রোববার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠায় ইরান। প্রস্তাবিত পরিকল্পনায় প্রথম ধাপে যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইরানের এক সরকারি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, তেহরানের প্রতিক্রিয়ায় শুধু যুদ্ধ বন্ধ নয়, বরং লেবাননসহ পুরো অঞ্চলের সংঘাত নিরসন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। জবাবে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়। ইরানের দাবি, তাদের প্রতিক্রিয়া ছিল ‘বাস্তবসম্মত ও ইতিবাচক’।
তবে এ নিয়ে নিজের প্রথম প্রতিক্রিয়ায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘গেম খেলা’ বা চালাকি করার অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সঙ্গে গেম খেলছে। তারা আর হাসতে পারবে না।’ পরে আরেক পোস্টে তিনি বলেন, ‘আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের উত্তর পড়েছি। এটি আমার পছন্দ হয়নি—এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন তেহরানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠায়। সেখানে অন্তত ১২ বছরের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি না করা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার শর্ত দেওয়া হয়। পাশাপাশি, ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের কথাও বলা হয়। এর বিনিময়ে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কয়েক বিলিয়ন ডলারের জব্দ সম্পদ অবমুক্ত করা এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ শিথিল করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: আল জাজিরা