জুলাইয়ে আইসিইর হেফাজতে ৪৬ হাজারের বেশি, ট্রাম্প আমলে মাসিক রেকর্ড
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও শুল্ক প্রয়োগ বিভাগ (আইসিই) জুলাই মাসে ৪৬ হাজারের বেশি অভিবাসীকে হেফাজতে নিয়েছে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক মাসে সর্বোচ্চ সংখ্যা। সীমান্ত অবৈধভাবে অতিক্রম কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার অভিযোগে এই ব্যক্তিদের আটক করা হয়।

সিবিএস নিউজ মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে গত ৩ আগস্ট এই পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের সংখ্যা জুনের প্রায় ৪৩ হাজারকে ছাড়িয়ে গেছে।
গড়ে প্রতিদিন দেড় হাজার অভিবাসী আইসিইর হেফাজতে প্রবেশ করেছেন, যদিও হোয়াইট হাউস প্রতিদিন দুই হাজার গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। গত সপ্তাহান্তে আইসিইর হেফাজতে মোট ৬৮ হাজার জন ছিলেন, যা জানুয়ারিতে সর্বোচ্চ ৭০ হাজারের কাছাকাছি।
বিমানবন্দরে আইসিই অভিযান সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)-র সহযোগিতায় পরিচালিত হচ্ছে। টেক্সাস ও মেইনে ট্র্যাফিক স্টপে দুই অভিবাসী নিহত হওয়ার পর আইসিই সাময়িকভাবে গাড়ি থামানো বন্ধ রাখলেও ট্রাম্পের হস্তক্ষেপে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা পুনরায় শুরু হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে ৩০ লাখের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যার মধ্যে আনুমানিক ২২ লাখ স্বেচ্ছায় চলে গেছেন এবং ১২ জুলাই পর্যন্ত ৯ লাখ ৮৫ হাজারকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ