টেক্সাসে নির্বাসিত ডাকা সুবিধাভোগী মায়ের মর্যাদা বাতিল করল ডিএইচএস, মামলা দায়ের
টেক্সাসের বাসিন্দা জেসিকা ত্রেভিনোকে (৩৪) নির্বাসনের পর তার ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) মর্যাদা বাতিলের নোটিশ পাঠিয়েছে ইউএসসিআইএস। নোটিশে কারণ হিসেবে বলা হয়েছে, তিনি গত ২৫ মার্চ অননুমোদিত ভ্রমণ করেছেন, যে তারিখে তাকে সরকারিভাবে নির্বাসিত করা হয়েছিল।

এনবিসি ডিএফডব্লিউয়ের প্রতিবেদন অনুসারে, গত ডিসেম্বরে সাউথ টেক্সাসে একটি হোম ডিপো পার্কিং লটে ফেডারেল এজেন্টরা ত্রেভিনো ও তার স্বামীকে গ্রেপ্তার করে। দুজনকেই মেক্সিকোর মাতামোরোসে নির্বাসিত করা হয়। তাদের তিন সন্তান, সবাই মার্কিন নাগরিক, সীমান্তের কাছে পরিবারের কাছে থাকছে।
ত্রেভিনো সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০ বছর বয়সে ডাকা মর্যাদা পান। তার ডাকা ও ওয়ার্ক পারমিট ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত বৈধ ছিল। তার আইনজীবী ডেভিড রোজাস ফেডারেল আদালতে মামলা দায়ের করে নির্বাসন অবৈধ ঘোষণা, দেশে ফেরত আনা এবং ডাকা মর্যাদা বহাল রাখার দাবি জানিয়েছেন।
ডিএইচএস দাবি করেছে, ত্রেভিনো স্বেচ্ছায় দেশ ত্যাগে সম্মতি দিয়েছেন এবং আপিলের অধিকার ত্যাগ করেছেন। তবে ত্রেভিনো অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, তিনি আইসিইর আটক কেন্দ্রে কোনো ফর্মে স্বাক্ষর করেননি এবং নির্বাসিত হতে চাননি।
বর্তমান ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত ৮৬ জন ডাকা সুবিধাভোগীকে নির্বাসিত এবং আরও ২৪১ জনকে গ্রেপ্তার করেছে বলে ফেব্রুয়ারিতে ডিএইচএসের একটি চিঠিতে জানানো হয়। ত্রেভিনো বলেন, তার তিন সন্তানের আগামী মাসে স্কুল শুরু এবং তিনি মরিয়া হয়ে ঘরে ফিরতে চান।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ