২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে ৩৭ শতাংশ, ঋণ পরিশোধ বেড়েছে ১০ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি ৩৭ শতাংশ কমে ৫২৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৮৩২ কোটি ডলার।

Aug 2, 2026 - 19:10
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে ৩৭ শতাংশ, ঋণ পরিশোধ বেড়েছে ১০ শতাংশ
উইকিমিডিয়া কমন্স: CAPTAIN RAJU

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি ৩৭ শতাংশ কমে ৫২৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৮৩২ কোটি ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার জানিয়েছে, প্রকল্প ঋণের প্রতিশ্রুতি ৭৯৪ কোটি ডলার থেকে কমে ৫০১ কোটি ডলারে দাঁড়িয়েছে। অনুদানের প্রতিশ্রুতিও ৩৮ কোটি ১৬ লাখ ডলার থেকে কমে ২৩ কোটি ৩৮ লাখ ডলারে নেমেছে।

একই সময়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ ১০ শতাংশ বেড়ে ৪৪৯ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ৪০৯ কোটি ডলার। সাহায্য আসা কমে যাওয়া ও ঋণ পরিশোধ বাড়ার ফলে দেশের নিট বৈদেশিক সাহায্যের প্রবাহ মাত্র ৪৪ কোটি ৫০ লাখ ডলারে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০১৫ ও ২০১৬ সালে গ্রহণ করা বড় অবকাঠামো প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এখন মূলধন ও সুদ দুটোই একসঙ্গে পরিশোধ করতে হচ্ছে। এ কারণে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ক্রমশ বাড়ছে।

বিশ্লেষকেরা বলছেন, সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও রাজস্ব ব্যবস্থাপনার ওপর চাপ তৈরি করছে। আসন্ন অর্থবছরে ঋণ পরিশোধের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: দ্য ডেইলি স্টার