৪০০ বিলিয়ন ডলারের মেগা চুক্তির পথে অ্যাস্ট্রাজেনেকা ও ব্রিস্টল মায়ার্স স্কুইব?
ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা মার্কিন প্রতিপক্ষ ব্রিস্টল মায়ার্স স্কুইবের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা শুরু করেছে। এই মেগা চুক্তি বাস্তবে রূপ নিলে সম্মিলিত কোম্পানির বাজারমূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম ওষুধ কোম্পানি হিসেবে আবির্ভূত হবে।

ফাইন্যান্সিয়াল টাইমস গত ২ আগস্ট প্রথম এই আলোচনার সংবাদ প্রকাশ করে এবং পরে সিএনবিসি তা নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দুটি কয়েক মাস ধরে একীভূতকরণের বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চালিয়ে আসছে।
অ্যাস্ট্রাজেনেকার বর্তমান বাজারমূল্য প্রায় ২৬ হাজার ৩০০ কোটি ডলার এবং ব্রিস্টল মায়ার্স স্কুইবের প্রায় ১৩ হাজার ৩০০ কোটি ডলার। গত বছর অ্যাস্ট্রাজেনেকার ক্যান্সার চিকিৎসা বিভাগ একাই প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার বিক্রি করেছে, যা মোট বিক্রির প্রায় অর্ধেক।
চুক্তির সংবাদে অ্যাস্ট্রাজেনেকার শেয়ার লন্ডনে ৬ শতাংশের বেশি কমেছে, আর ব্রিস্টল মায়ার্স স্কুইবের শেয়ার নিউইয়র্কে প্রায় ৪ শতাংশ বেড়েছে। উভয় কোম্পানির ক্যান্সার চিকিৎসা বিভাগ থাকায় চুক্তিটি মার্কিন প্রতিযোগিতা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদন্তের মুখে পড়তে পারে।
অ্যাস্ট্রাজেনেকা ২০১৪ সালে ফাইজারের অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে প্রধান নির্বাহী পাসকাল সরিওয়ের নেতৃত্বে কোম্পানিটির শেয়ার মূল্য চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর কোম্পানিটি সরাসরি মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও ঘোষণা করেছিল।
সূত্র: সিএনবিসি ও ফাইন্যান্সিয়াল টাইমস