টিম কুকের বিদায়ের আগে অ্যাপলের রেকর্ড আয়, সামনে সরবরাহ সংকট
অ্যাপলের তৃতীয় প্রান্তিকে রেকর্ড ১০ হাজার ৯৪০ কোটি ডলার রাজস্ব আয় হলেও মেমরি ও চিপ সরবরাহ সংকটে দুর্বল পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি। প্রধান নির্বাহী টিম কুকের শেষ আর্নিংস কলে এ তথ্য জানা যায়।
অ্যাপলের তৃতীয় প্রান্তিকে রেকর্ড ১০ হাজার ৯৪০ কোটি ডলার রাজস্ব অর্জিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। তবে মেমরি ও চিপ উৎপাদন ক্ষমতার সংকটের কারণে চলতি প্রান্তিকে দুর্বল পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি।
সিএনবিসি গত ৩০ জুলাই বৃহস্পতিবার জানায়, প্রধান নির্বাহী টিম কুক বিনিয়োগকারীদের সাথে সর্বশেষ আর্নিংস কলে কথা বলেছেন। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ দশমিক ০২ ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি।
আইফোনের বিক্রি ২২ শতাংশ বেড়ে ৫ হাজার ৪২৫ কোটি ডলার হয়েছে এবং ম্যাকের বিক্রি ২৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫ কোটি ডলারে পৌঁছেছে। সরবরাহ সংকটে ম্যাক ও আইপ্যাডের দাম বৃদ্ধি করেছে কোম্পানিটি।
চলতি প্রান্তিকে অ্যাপলের প্রবৃদ্ধির পূর্বাভাস ৯ থেকে ১১ শতাংশ, অথচ বিশ্লেষকরা ১২ শতাংশ প্রত্যাশা করেছিলেন। এই দুর্বল পূর্বাভাস বিনিয়োগকারীদের হতাশ করলেও চলতি সপ্তাহে অ্যাপলের বাজারমূল্য পাঁচ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে।
টিম কুক আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রধান নির্বাহীর পদ ছাড়বেন এবং বর্তমান হার্ডওয়্যার প্রধান জন টার্নাস তার স্থলাভিষিক্ত হবেন। শেষ আর্নিংস কলে কুক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় অ্যাপলের বিশাল সুযোগ রয়েছে।
সূত্র: সিএনবিসি