বাংলাদেশে ডেঙ্গুর ডেনভি-৩ সেরোটাইপ প্রধান ধরনে পরিণত, মৃত ৫৯
বাংলাদেশে এ বছর ডেঙ্গু ভাইরাসের ডেনভি-৩ সেরোটাইপ প্রধান ধরনে পরিণত হয়েছে, যা গত বছরের প্রধান ধরন ডেনভি-২কে প্রতিস্থাপন করেছে।
বাংলাদেশে এ বছর ডেঙ্গু ভাইরাসের ডেনভি-৩ সেরোটাইপ প্রধান ধরনে পরিণত হয়েছে, যা গত বছরের প্রধান ধরন ডেনভি-২কে প্রতিস্থাপন করেছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাম্প্রতিক জরিপে ৭১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৫ জনের (৯১.৫৫ শতাংশ) শরীরে ডেনভি-৩ শনাক্ত হয়েছে, বাকি ছয়জনের মধ্যে পাওয়া গেছে ডেনভি-২। আইইডিসিআর পরিচালক ড. কাজী আহমেদ জাকি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
গত বছর ডেনভি-২ ছিল ৪৯.২ শতাংশ নমুনায় এবং ডেনভি-৩ ছিল ৩৫.৮ শতাংশে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন এবং ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর এ পর্যন্ত মোট ৫৯ জন ডেঙ্গুতে মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। ড. জাকি বলেন, কোনো নির্দিষ্ট সেরোটাইপকে বেশি বিপজ্জনক বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়, কারণ রোগের তীব্রতা ভাইরাসের ধরন, রোগীর রোগ প্রতিরোধক্ষমতা ও অন্যান্য শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।
বিশেষজ্ঞরা জানান, আগে ডেঙ্গু আক্রান্ত হওয়া ব্যক্তিরা পুনরায় আক্রান্ত হলে ডেঙ্গু শক সিনড্রোমসহ জটিল পরিস্থিতির ঝুঁকিতে বেশি থাকেন। কিডনি, লিভার বা ক্যানসার রোগীরাও বেশি ঝুঁকিতে রয়েছেন বলে তারা জানিয়েছেন।
সূত্র: দ্য ডেইলি স্টার