অগ্ন্যাশয় ক্যানসারের ওষুধ অনুমোদন করল এফডিএ, বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী ওষুধ ডারাক্সনরাসিব অনুমোদন করেছে। এই বড়িটি অগ্ন্যাশয় ক্যানসারের ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে টিউমার বৃদ্ধিতে সহায়ক মিউটেটেড প্রোটিনকে ব্লক করে, যা কয়েক দশক ধরে ওষুধ প্রস্তুতকারকদের কাছে অসাধ্য ছিল।

গত ২৭ আগস্ট বুধবার এফডিএ দ্রুত অনুমোদন প্রক্রিয়ায় এই ওষুধ ছাড়পত্র দিয়েছে, নির্ধারিত সময়ের ছয় মাসেরও বেশি আগে। রেভোলিউশন মেডিসিনস কোম্পানি রাসনকি ব্র্যান্ড নামে এটি বাজারজাত করবে। এক মাসের সরবরাহে খরচ পড়বে প্রায় ৩৯ হাজার ৮০০ ডলার।
কোম্পানির অর্থায়নে পরিচালিত গবেষণায় ৫০০ রোগী অংশ নেন, যাঁদের মেটাস্ট্যাটিক ক্যানসার আগের চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করেছিল। নতুন ওষুধ গ্রহণকারী রোগীরা গড়ে ১৩ দশমিক ২ মাস বেঁচেছেন, যেখানে কেমোথেরাপি গ্রহণকারীদের ক্ষেত্রে তা ছিল ৬ দশমিক ৭ মাস।
ফ্রেড হাচ ক্যানসার সেন্টারের ড. অ্যান্ড্রু কোভেলার বলেন, এটি তাঁর স্মরণে সবচেয়ে প্রত্যাশিত অনুমোদনগুলোর একটি। তিনি জানান, এই ওষুধ নিরাময় নয়, তবে উল্লেখযোগ্য উন্নতি। সাবেক মার্কিন সিনেটর বেন স্যাসি সিবিএসের সিক্সটি মিনিটসে এই ওষুধ সেবনে ব্যথা কমার অভিজ্ঞতা জানিয়েছিলেন।
অগ্ন্যাশয় ক্যানসার সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারগুলোর অন্যতম। যুক্তরাষ্ট্রে এ বছর আনুমানিক ৬৭ হাজার নতুন রোগী শনাক্ত হবে এবং ৫২ হাজারেরও বেশি মানুষ এই রোগে মারা যাবে বলে আমেরিকান ক্যানসার সোসাইটি জানিয়েছে। পাঁচ বছরে বেঁচে থাকার হার মাত্র ১৩ শতাংশ।
সূত্র: এনবিসি নিউজ