বাংলাদেশে তিন মাসে ২৫৩ ধর্ষণ, ১২ জন নিহত: এইচআরএসএস
বাংলাদেশে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ২৫৩ জন নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১৫৪ জনই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

দ্য ডেইলি স্টার জানিয়েছে, প্রতিবেদনটি ১৬টি জাতীয় সংবাদপত্র, এইচআরএসএস-সংগৃহীত তথ্য ও তথ্যানুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে দেখা যাচ্ছে ২৫৩ জনের মধ্যে ৪২টি ঘটনা ছিল দলগত ধর্ষণ, ধর্ষণের পর ১২ জন নিহত হয়েছেন এবং একজন মারা গেছেন আত্মহত্যা করে।
এই সময়ে রাজনৈতিক সহিংসতায় ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জন আহত হয়েছেন মোট ১৮৩টি ঘটনায়। গণপিটুনি ও মব সহিংসতায় আরও ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন।
এছাড়া কারাগারে ৩৭ জন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আরও ৬ জন মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাংবাদিক হয়রানির ৮৮টি ঘটনায় ১৩৫ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিক আক্রমণ এবং কারাগারে মৃত্যু রোধে সরকার ও সমাজের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: দ্য ডেইলি স্টার