কাশ্মীরি চলচ্চিত্রনির্মাতা আরফাত শেখকে আটক করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুরস্কারজয়ী কাশ্মীরি চলচ্চিত্রনির্মাতা আরফাত শেখকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার নিশ্চিত করেছে যে গত ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিফোর্নিয়া থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার সময় তাঁকে আটক করা হয়।

Oct 8, 2026 - 08:26
কাশ্মীরি চলচ্চিত্রনির্মাতা আরফাত শেখকে আটক করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ
উইকিমিডিয়া কমন্স

পুরস্কারজয়ী কাশ্মীরি চলচ্চিত্রনির্মাতা আরফাত শেখকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার নিশ্চিত করেছে যে গত ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিফোর্নিয়া থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার সময় তাঁকে আটক করা হয়।

এনবিসি নিউজ জানিয়েছে, শেখ ভার্জিনিয়ার অ্যালেক্সান্দ্রিয়ায় বাস করতেন। ২০১৯ সালে জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে স্নাতকোত্তর পড়তে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০২০ সালে আশ্রয়ের আবেদন করেন এবং তাঁর কাছে বৈধ কাজের অনুমতিও ছিল।

ডিএইচএস জানিয়েছে, শেখ সাময়িক ভিত্তিতে আইনত প্রবেশ করেছিলেন এবং অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যান। একটি মুলতুবি আবেদন আইনগত মর্যাদা দেয় না বলেও বিভাগটি জানায়। তবে শেখের পরিবার ও সমর্থকেরা বলছেন, তাঁর একটি সক্রিয় অভিবাসন আবেদন ছিল এবং তিনি কাজের অনুমতিপ্রাপ্ত ছিলেন।

শেখের ২০২৪ সালের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্যাফ্রন কিংডম শিকাগো ফিল্মমেকার্স অ্যাওয়ার্ডস, এলএ ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস এবং মেলবোর্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায়। ছবিটিতে ১৯৯০-এর দশকে ভারত-শাসিত কাশ্মীরে সংঘর্ষ ও একটি পরিবারের আটলান্টায় যাওয়ার গল্প রয়েছে।

ট্রাম্প প্রশাসন আগস্টে জানিয়েছিল, যেসব বিদেশি অল্পমেয়াদি ভিসায় প্রবেশ করে আশ্রয় আবেদন করেছেন তাদের ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখের আইনজীবীরা তাঁর যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ঠেকাতে মামলা করেছেন।

সূত্র: এনবিসি নিউজ