মালয়েশিয়ায় কর্মী কোটা জালিয়াতিতে দুই বাংলাদেশিসহ ২০ জন গ্রেপ্তার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি কর্মী কোটা অপব্যবহারের অভিযোগে দুই বাংলাদেশিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজার হিসেবে পরিচিত দুই বাংলাদেশি পুরুষ রয়েছেন।

Oct 9, 2026 - 08:08
মালয়েশিয়ায় কর্মী কোটা জালিয়াতিতে দুই বাংলাদেশিসহ ২০ জন গ্রেপ্তার
উইকিমিডিয়া কমন্স

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি কর্মী কোটা অপব্যবহারের অভিযোগে দুই বাংলাদেশিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজার হিসেবে পরিচিত দুই বাংলাদেশি পুরুষ রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, গত ৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে সাতটায় কুয়ালালামপুরের আম্পাং জেলার তামান দাতুক আহমাদ রাজালি এলাকায় এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন সদর দপ্তরের ইন্টেলিজেন্স ও স্পেশাল অপারেশনস ডিভিশন এবং ইনল্যান্ড রেভিনিউ বোর্ডের ইন্টেলিজেন্স শাখা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৬৫টি বাংলাদেশি পাসপোর্ট, ৬৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, ১২টি পাকিস্তানি পাসপোর্ট ও একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। এ ছাড়া গ্রাহকদের অর্থপ্রদান থেকে পাওয়া ৬,৭০০ রিঙ্গিত নগদ অর্থও আটক করা হয়।

জাকারিয়া জানান, চক্রটি 'এ-টু-বি' পদ্ধতিতে কাজ করত। একটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন নিয়ে বিদেশি কর্মী আনত, তারপর তাদের অন্য প্রতিষ্ঠানে সরবরাহ করে মুনাফা করত। প্রতি কর্মী সরবরাহে ৩,৮০০ থেকে ৫,০০০ রিঙ্গিত আয় হত বলে তদন্তে উঠে এসেছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, জড়িত প্রতিষ্ঠানগুলো ২০২০ থেকে ২০২৩ সালের করমূল্যায়নে প্রকৃত আয় গোপন করে অনেক কম মুনাফা দেখিয়েছে। গ্রেপ্তার হওয়া মালিক, ম্যানেজার ও একজন স্থানীয় কর্মীর বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ও পাসপোর্ট আইনের ধারায় মামলা হয়েছে।

সূত্র: বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম