নর্থ টেক্সাসে উত্তর কোরিয়ার আইটি চক্র ভেঙে দিল এফবিআই, জব্দ ১০০-র বেশি ল্যাপটপ
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অর্থায়নে যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি আইটি কর্মী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে মার্কিন এফবিআই। শুধু নর্থ টেক্সাসেই জব্দ করা হয়েছে ১০০-র বেশি ল্যাপটপ ও কম্পিউটার।
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অর্থায়নে যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি আইটি কর্মী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে মার্কিন এফবিআই। শুধু নর্থ টেক্সাসেই জব্দ করা হয়েছে ১০০-র বেশি ল্যাপটপ ও কম্পিউটার।
এফবিআই ও বিচার বিভাগ বুধবার জানিয়েছে, সারা দেশে ৭০টিরও বেশি কোম্পানি থেকে মোট ১৮৭টি ল্যাপটপ ও ডিভাইস জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পেনসিলভানিয়ার মাইকেল জেমস বস্টেলে এবং টেক্সাসের হুয়ান সেসিলিও পেনা ক্যারিলো। তাঁদের বিরুদ্ধে ওয়্যার ফ্রড, মানি লন্ডারিং ও পরিচয় চুরির অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার আইটি কর্মীরা চুরি করা বা ভুয়া মার্কিন পরিচয় ব্যবহার করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভেলপার পদে চাকরি নিত। কোম্পানিগুলো স্বাস্থ্যসেবা, যোগাযোগ, সাইবার সাপোর্ট, খুচরা বিক্রয় ও উৎপাদন খাতের। আয়ের ৮৫ থেকে ৯০ শতাংশ উত্তর কোরিয়ার সরকারি সংস্থাগুলো নিয়ে নিত।
এফবিআই ডালাসের বিশেষ কর্মকর্তা জোসেফ রথরক বলেন, নর্থ টেক্সাসেই ১০০-র বেশি ল্যাপটপ জব্দ করা হয়েছে। নর্দার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের মার্কিন অ্যাটর্নি রায়ান রেবোল্ড জানান, এই চক্রের প্রতিটি ডলার উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চলে যেত।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ২০২৪ সালে অনুমান করেছিল, এই নেটওয়ার্ক মার্কিন কোম্পানিগুলো থেকে ৮০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। অভিযোগ অনুযায়ী, এই অপরাধ ২০১৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত চলেছে। গত সেপ্টেম্বরে এফবিআই টেক্সাসে ৪০টিরও বেশি বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সূত্র: এনবিসি ডিএফডব্লিউ