আট বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন বথাম জিনকে হত্যার দায়ে দণ্ডিত অ্যাম্বার গাইগার

ডালাস পুলিশের সাবেক কর্মকর্তা অ্যাম্বার গাইগার আজ শুক্রবার প্যারোলে মুক্তি পাচ্ছেন। ২০১৮ সালে বথাম জিনকে নিজের অ্যাপার্টমেন্টে ভুল করে প্রবেশ করে গুলি করে হত্যার অভিযোগে ২০১৯ সালে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Oct 16, 2026 - 08:04
আট বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন বথাম জিনকে হত্যার দায়ে দণ্ডিত অ্যাম্বার গাইগার
উইকিমিডিয়া কমন্স

ডালাস পুলিশের সাবেক কর্মকর্তা অ্যাম্বার গাইগার আজ শুক্রবার প্যারোলে মুক্তি পাচ্ছেন। ২০১৮ সালে বথাম জিনকে নিজের অ্যাপার্টমেন্টে ভুল করে প্রবেশ করে গুলি করে হত্যার অভিযোগে ২০১৯ সালে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর টেক্সাস বোর্ড অব প্যারডনস অ্যান্ড প্যারোলস গাইগারের মুক্তির অনুমোদন দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন বছর আগেই এই মুক্তি দেওয়া হলো।

বোর্ড জানিয়েছে, গাইগারের বিরুদ্ধে আগে কোনো সহিংস অপরাধের রেকর্ড নেই, কারাগারে তাঁর আচরণ সন্তোষজনক ছিল এবং মুক্তির পর স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিতে তিনি বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। ২০২৪ সালে তাঁর প্রথম প্যারোল আবেদন নাকচ হয়েছিল।

বথামের পরিবারের আইনজীবী লি মেরিট এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বথাম জিন নিজের বাড়িতে আইসক্রিম খাচ্ছিলেন, তিনি কোনো অন্যায় করেননি। গত ২০২৪ সালে একটি দেওয়ানি আদালত গাইগারকে বথামের পরিবারকে ৯ কোটি ৮৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছিল।

ডালাস পুলিশ বিভাগ জানিয়েছে, প্যারোল সিদ্ধান্ত টেক্সাস বোর্ড অব প্যারডনস অ্যান্ড প্যারোলসের এখতিয়ারে এবং এতে তাদের কোনো ভূমিকা নেই। বথামের মৃত্যুর পর ডালাস পুলিশ হেডকোয়ার্টারের পাশের একটি সড়কের নামকরণ হয় বথাম জিন বুলেভার্ড।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ