জেএফকে বিমানবন্দরে ইউনূসকে হয়রানি, মার্কিন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা চাইল বাংলাদেশ
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হয়রানির পর বাংলাদেশ মার্কিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হয়রানির পর বাংলাদেশ মার্কিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুল জেনারেল মোজাম্মেল হক বিডিনিউজ২৪ ডটকমকে বলেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক কনস্যুলেট যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীসহ একটি দলের সদস্যরা হুইলচেয়ারে বিমানবন্দর ছেড়ে যাওয়া ইউনূসকে থামিয়ে দেন। হয়রানির মুখে ইউনূসকে আবার টার্মিনালের ভেতরে ফিরিয়ে আনা হয়।
কনস্যুল জেনারেল মোজাম্মেল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বার্তা পাঠিয়ে ইউনূসের জন্য প্রটোকল ও নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন। পরে তিনি নিজে ইউনূস ও তার সঙ্গীকে অন্য একটি অঙ্গরাজ্যে পৌঁছে দেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ঘটনার নিন্দা করে এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। কনস্যুলেট জানায়, তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন।
সূত্র: বিডিনিউজ২৪