রূপপুরের ইউনিট-১ চাপ পরীক্ষায় উত্তীর্ণ, বছর শেষে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর প্রেশার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) সিস্টেমের ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ইউনিট-১-এর কমিশনিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা সম্ভব হয়েছে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ত্রুটিপূর্ণ ভালভ প্রতিস্থাপনের পর গত মঙ্গলবার পরীক্ষা শুরু হয় এবং বুধবার তা সম্পন্ন হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, পরীক্ষাটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে যৌথভাবে পরিচালিত হয়েছে।
ক্রিটিক্যালিটি পর্যায়ে পৌঁছানোর আগে আরও তিনটি বড় পরীক্ষা বাকি রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে বাকি পরীক্ষাগুলো সফলভাবে শেষ হলে এ বছরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু সম্ভব।
রোসাটমের পিআর সংস্থা জানিয়েছে, ইউনিট-১-এর জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের চালান শুক্রবার (২ অক্টোবর) শুরু হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট বেলা ১২টার দিকে পৌঁছানোর কথা এবং ডিসেম্বরের মধ্যে মোট আরও সাতটি ফ্লাইটে ইউরেনিয়াম আসবে।
এর আগে চলতি বছরের জুলাইয়ের শুরুতে পিওআরভি পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে কমিশনিং কাজ আটকে যায়। গত ২৪ সেপ্টেম্বর আকাশপথের অনুমতি না পাওয়ায় প্রথম দফার ইউরেনিয়াম সরবরাহও স্থগিত হয়েছিল।
সূত্র: দ্য ডেইলি স্টার