চীন-যুক্তরাষ্ট্র ৩ হাজার কোটি ডলারের পণ্যে পারস্পরিক শুল্ক কমাচ্ছে

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর জন্য প্রায় ৩ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের পারস্পরিক তালিকা প্রকাশ করেছে।

Sep 29, 2026 - 08:31
চীন-যুক্তরাষ্ট্র ৩ হাজার কোটি ডলারের পণ্যে পারস্পরিক শুল্ক কমাচ্ছে
উইকিমিডিয়া কমন্স

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর জন্য প্রায় ৩ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের পারস্পরিক তালিকা প্রকাশ করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন তালিকায় চীনের ৭৭ ক্যাটাগরির পণ্য রয়েছে, যার মধ্যে বিছানার চাদর, বাগানের ছাতা, টোস্টার ও বিলিয়ার্ড বল অন্তর্ভুক্ত। চীনের তালিকায় মার্কিন ১ হাজার ৬১৯ ধরনের পণ্য রয়েছে, যেমন মাখন, গলদা চিংড়ি, কয়লা এবং এমআরআই মেশিন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেইমসন গ্রিয়ার বলেছেন, এই তালিকা চীনে মার্কিন রপ্তানির প্রায় ৩০ শতাংশের জন্য অনুকূল শুল্কের সুযোগ তৈরি করবে। তবে সেমিকন্ডাক্টর, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির মতো কৌশলগত পণ্য এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ওয়াশিংটন বৈঠকের কয়েক দিনের মাথায় এই ঘোষণা এলো। ইউএস-চায়না বোর্ড অব ট্রেডের মধ্যস্থতায় এই তালিকা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের তীব্র বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসার এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে দুই দেশের মধ্যে ব্যাপক বাণিজ্য যুদ্ধবিরতি আরও মাত্র দুই মাস বাড়ানো হয়েছে এবং শুল্ক হ্রাসের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান