বিগ বেন্ড পার্কে সীমান্ত প্রকল্প ছোট করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

টেক্সাসের বিগ বেন্ড ন্যাশনাল পার্কে পরিকল্পিত সীমান্ত প্রকল্পের পরিসর কমানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, পার্কের পরিবেশ ও সৌন্দর্যের ওপর প্রভাব কমিয়ে আনতে প্রকল্পে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে।

Oct 1, 2026 - 08:24
বিগ বেন্ড পার্কে সীমান্ত প্রকল্প ছোট করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন
উইকিমিডিয়া কমন্স: Adbar

টেক্সাসের বিগ বেন্ড ন্যাশনাল পার্কে পরিকল্পিত সীমান্ত প্রকল্পের পরিসর কমানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, পার্কের পরিবেশ ও সৌন্দর্যের ওপর প্রভাব কমিয়ে আনতে প্রকল্পে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে।

এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার আদালতে দাখিল করা দুটি নথিতে এই তথ্য জানানো হয়েছে। সিবিপি অক্টোবরের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে এবং এরপর কয়েক সপ্তাহ পর মাটি খননের কাজ শুরু হবে।

এর আগে বিগ বেন্ডে ৩০ ফুট উচ্চতার ইস্পাত বেষ্টনী নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসেছিল প্রশাসন। তবে নতুন সড়ক, আলো, যানবাহন প্রতিবন্ধক এবং প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা বহাল থাকায় পরিবেশবাদীদের প্রতিবাদ অব্যাহত ছিল।

গত আগস্টে বুলডোজার দিয়ে জমি পরিষ্কারের কাজ দেখা গেলে সিবিপি কমিশনার রডনি স্কট পার্কে সব কার্যক্রম সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেন। প্রশাসন বলছে, ওই সময় শুধু নকশা ও পরিকল্পনার কাজ চলছিল, পূর্ণাঙ্গ নির্মাণ নয়। পার্কসংলগ্ন পশ্চিম টেক্সাসের কিছু এলাকায় ইতিমধ্যে প্রাচীর নির্মাণ শুরু হয়েছে, তবে সেখানেও জমির মালিকদের আইনি বাধার মুখে পড়েছে প্রশাসন।

সিবিপি জানিয়েছে, প্রতি সপ্তাহে ১২ মাইল সীমান্তপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এটি ট্রাম্প প্রশাসনের ৪ হাজার ৬০০ কোটি ডলারের মেক্সিকো সীমান্ত সুরক্ষা পরিকল্পনার অংশ। তবে পরিবেশ সংগঠন ও স্থানীয় বাসিন্দারা বিরতি চলমান রেখে নতুন পরিকল্পনা করার দাবি জানিয়েছেন।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ