আটক কেন্দ্র বাড়াতে ৭০০ কোটি ডলার ব্যয় করবে আইসিই

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পেনসিলভানিয়ায় অভিবাসীদের আটক রাখতে মোবাইল ডিটেনশন ফ্যাসিলিটি চালুর পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় রয়েছে একটি ভ্যান নেটওয়ার্ক, যা মাঠ পর্যায়ের অভিযানে আটককৃত অভিবাসীদের বহন করবে।

Sep 27, 2026 - 08:36
আটক কেন্দ্র বাড়াতে ৭০০ কোটি ডলার ব্যয় করবে আইসিই
উইকিমিডিয়া কমন্স: usicegov / ICE

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পেনসিলভানিয়ায় অভিবাসীদের আটক রাখতে মোবাইল ডিটেনশন ফ্যাসিলিটি চালুর পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় রয়েছে একটি ভ্যান নেটওয়ার্ক, যা মাঠ পর্যায়ের অভিযানে আটককৃত অভিবাসীদের বহন করবে।

ওয়াচডগ সংগঠন প্রজেক্ট সল্ট বক্সের সংগ্রহ করা সরকারি নথির বরাত দিয়ে এনপিআর জানিয়েছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি নিউ ইয়র্ক, টেক্সাস, অ্যারিজোনা, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ওয়াশিংটন ও পেনসিলভানিয়ায় আটক কেন্দ্র সম্প্রসারণে ৭০০ কোটি ডলারেরও বেশি নির্মাণ চুক্তি সই করেছে।

নথিতে বলা হয়েছে, মোবাইল ভ্যানগুলো আইসিই কর্মকর্তাদের সাথে মাঠে থাকবে এবং পূর্ণ না হওয়া পর্যন্ত বা অভিযান শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করা হবে। নারী অভিবাসীদের ভ্যানে ১০ ঘণ্টার বেশি রাখা যাবে না। ভ্যানগুলো পরিচালনা করবে জিইও গ্রুপের পরিবহন শাখা জিটিআই।

প্রজেক্ট সল্ট বক্সের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল রিস্টন জানান, নথিতে ভ্যানে আটকের মান, টয়লেট বা খাবারের ব্যবস্থা নিয়ে কোনো তথ্য নেই। আইসিই ও জিইও গ্রুপ এ বিষয়ে মন্তব্য করেনি।

আইসিই বর্তমানে ৬৮ হাজার বন্দি ধারণক্ষমতা পরিচালনা করছে এবং ১ লাখ বিছানার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কাজ করছে। গত দুই মাসে সংস্থাটি প্রায় ১ লাখ অভিবাসী গ্রেপ্তার করেছে, যা রেকর্ড। এর আগে গুদাম ভবনগুলোকে মেগা আটক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা একাধিক রাজ্যের মামলার মুখে ব্যর্থ হয়েছিল।

সূত্র: এনপিআর