নিজের নীতি ভেঙে বাংলাদেশের ১৯ আইন-শৃঙ্খলা পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনীসহ ১৯টি আইন-শৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন চালু রেখেছে মেটা, যা কোম্পানির নিজের নীতিমালার বিরুদ্ধে বলে জানিয়েছে ডিসমিসল্যাব।

Sep 30, 2026 - 19:07
নিজের নীতি ভেঙে বাংলাদেশের ১৯ আইন-শৃঙ্খলা পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা
উইকিমিডিয়া কমন্স: InvadingInvader

বাংলাদেশ পুলিশ, নৌবাহিনীসহ ১৯টি আইন-শৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন কর্মসূচিতে যুক্ত করেছে মেটা।

মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাব এই অনুসন্ধান প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেটার নিজস্ব নীতিমালায় সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এই কর্মসূচি থেকে বাদ রাখার কথা থাকলেও ওই ১৯টি পেজ মনিটাইজেশন সুবিধা পাচ্ছে।

এই পেজগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ, বাংলাদেশ নৌবাহিনী, বিমানবন্দর সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন এবং ১৪টি জেলা পুলিশ অফিসের পেজ। কিছু পেজ ২০২০ সাল থেকে এই সুবিধা পাচ্ছে; সর্বশেষ নড়াইল জেলা পুলিশ ২০২৬ সালের ২২ আগস্ট মনিটাইজেশনে যোগ দেয়।

২৭ লাখেরও বেশি ফলোয়ারের বাংলাদেশ পুলিশের পেজটি ২০২২ সালের মার্চে প্রথম মনিটাইজেশনে যোগ দেয়। কয়েক দফা বাদ পড়ার পর পেজটি ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে মেটার নতুন কনটেন্ট মনিটাইজেশন কর্মসূচিতে সক্রিয় রয়েছে।

ডিসমিসল্যাব জানিয়েছে, এ ধরনের মনিটাইজেশন ভারত, ফিলিপাইন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও দেখা গেছে। আর্থিক প্রণোদনা পুলিশ ও সামরিক বাহিনীর অনলাইন যোগাযোগকে ক্লিক ও আয়মুখী করে তুলতে পারে বলে উদ্বেগ তুলেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: বিডিনিউজ২৪