এআই নিরাপত্তায় ট্রাম্প ও শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের নৈতিকভাবে বাধ্যকর চুক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর নির্বাহীরা মঙ্গলবার একটি স্বেচ্ছামূলক নিরাপত্তা মানদণ্ড চুক্তিতে স্বাক্ষর করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর নির্বাহীরা মঙ্গলবার একটি স্বেচ্ছামূলক নিরাপত্তা মানদণ্ড চুক্তিতে স্বাক্ষর করেছেন।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্পের পাশে ছিলেন স্পেসএক্সের ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যান্থ্রপিকের ডারিও আমোদেই, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের গ্রেগ ব্রকম্যান ও গুগলের সুন্দর পিচাই। সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প এই চুক্তিকে একটি সংবিধানের মতো বলে উল্লেখ করেন।
চুক্তি অনুযায়ী কোম্পানিগুলো অভ্যন্তরীণ মূল্যায়ন, বাহ্যিক অডিট ও পরিচালনা পর্ষদের পর্যালোচনাসহ চার স্তরের নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখবে। ট্রাম্প চুক্তিটিকে নৈতিকভাবে বাধ্যকর বলে আখ্যায়িত করেন।
ট্রাম্প জানান, এআই তদারকিতে একটি ১০ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা আছে এবং তিন-চার দিনের মধ্যে একজন এআই জার নিয়োগ করা হবে। এ ছাড়া তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে ফেডারেল সরকারকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বদলে সুপার ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
চুক্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে এই নিয়মগুলো আইনে পরিণত হতে পারে, তবে তার আগেই কোম্পানিগুলো এগুলো মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে গবেষকদের মধ্যে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এই বৈঠক হয়।
সূত্র: সিবিএস নিউজ