আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলান বন্দী পিঠে বুলেট নিয়ে শরীরের বাম পাশে অনুভূতি হারালেন
অস্টিনে আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলান যুবক উইলবার রাফায়েল গার্সেস পেরেজ এখনও পিঠে বুলেট নিয়ে বন্দী আছেন এবং শরীরের বাম পাশে অনুভূতি হারিয়েছেন বলে জানা গেছে।
অস্টিনে আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলান যুবক উইলবার রাফায়েল গার্সেস পেরেজ এখনও পিঠে বুলেট নিয়ে বন্দী আছেন এবং শরীরের বাম পাশে অনুভূতি হারিয়েছেন বলে জানা গেছে।
এনবিসি নিউজ জানায়, ২৮ বছর বয়সী গার্সেস পেরেজ টেক্সাসের পিয়ার্সালের সাউথ টেক্সাস আইসিই প্রসেসিং সেন্টারে বন্দী আছেন। বুলেটটি মেরুদণ্ডের কাছে থাকায় অস্ত্রোপচার করা হয়নি এবং হাসপাতাল থেকে মাত্র চার ঘণ্টার মধ্যে তাকে হেফাজতে নেওয়া হয়।
গত ২৩ সেপ্টেম্বর সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি ফোনে জানান, ব্যথায় আছেন এবং ঠান্ডা ঘরে মেঝেতে ঘুমাতে হয়েছে। এরপর তার আইনজীবী কেট লিঙ্কন-গোল্ডফিঞ্চ জানান, আরেক বন্দীর বরাতে জানা গেছে কর্মকর্তারা তাকে জোরপূর্বক ধরার পর গার্সেস শরীরের বাম পাশে অনুভূতি হারান।
তাকে হাতকড়া ও শেকল পরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ল্যাটিন আমেরিকান নাগরিক সংগঠন লুলাকের প্রধান নির্বাহী হুয়ান প্রোয়ানো বলেন, নিজের কর্মকর্তার বলপ্রয়োগের মামলার প্রধান সাক্ষীকে দেশে ফেরত পাঠানো চলে না।
গার্সেস পেরেজ বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেছিলেন বলে জানান তার আইনজীবী। পুরোনো ঠিকানায় নোটিশ পাঠানোর কারণে আদালতের শুনানি মিস হওয়ায় অনুপস্থিতিতে নির্বাসনের আদেশ দেওয়া হয়েছিল। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ অবস্থান ছাড়া তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই।
সূত্র: এনবিসি নিউজ