মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে 'দেশে সরকার আছে কি না' প্রশ্ন নাহিদের

placeholder

Sep 26, 2026 - 16:43
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে 'দেশে সরকার আছে কি না' প্রশ্ন নাহিদের
উইকিমিডিয়া কমন্স

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুরতার ভয়াবহ নিদর্শন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা গভীর উদ্বেগের।

গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ ইসলাম এ কথা বলেন। তিনি লেখেন, খোদ রাজধানীর বুকে একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই ভাঙচুর ও দখলদারির পেছনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। নাহিদ বলেন, দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা লজ্জাজনক।

নাহিদ দাবি করেন, রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে নেপথ্যের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে এবং ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে এবং এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে। রাড্ডা সেন্টার ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা ও টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সূত্র: প্রথম আলো