ফ্লোরিডা থেকে স্পেসএক্সের রকেটে আইএসএসে নাসার চার নভোচারী

নাসার ক্রু-১৩ মিশনে চার নভোচারী বৃহস্পতিবার স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা দিয়েছেন।

Oct 2, 2026 - 08:06
ফ্লোরিডা থেকে স্পেসএক্সের রকেটে আইএসএসে নাসার চার নভোচারী
ছবি: নাসা

নাসার ক্রু-১৩ মিশনে চার নভোচারী বৃহস্পতিবার স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা দিয়েছেন।

এনপিআরের প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার বজ্রঝড় ও তেজ বাতাসের শঙ্কা থাকলেও উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়। মিশনে রয়েছেন নাসার কমান্ডার জেসিকা ওয়াটকিনস, পাইলট লুক ডিলেনি, কানাডিয়ান স্পেস এজেন্সির জোশুয়া কুট্রিক এবং রাশিয়ার রসকসমসের সের্গেই তেতেরিয়াতনিকভ।

জেসিকা ওয়াটকিনস ২০২২ সালের ক্রু-৪ মিশনে আইএসএসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কাজ করেছিলেন এবং মহাকাশে তাঁর মোট সময় ১৭০ দিন। ফ্লোরিডার ডিবারির বাসিন্দা লুক ডিলেনি এটি তাঁর প্রথম মহাকাশযাত্রা। ক্যাপসুলটির নাম গ্রেস, এটি স্পেসএক্সের তৈরি পঞ্চম ও শেষ ড্রাগন মহাকাশযান।

ক্যাপসুলটি প্রায় আট ঘণ্টায় আইএসএসের সঙ্গে সংযুক্ত হবে এবং চার নভোচারী সেখানে ছয় মাস পর্যন্ত অবস্থান করবেন। এই সময়ে তাঁরা মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণের পাশাপাশি পার্কিনসন রোগের চিকিৎসাবিষয়ক স্টেম সেল গবেষণাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন।

মিশন প্যাচে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের স্মরণে উপাদান যুক্ত করা হয়েছে, যে মিশনে বিস্ফোরণের পর নাসার দল অসাধারণ দক্ষতায় নভোচারীদের নিরাপদে ফিরিয়ে এনেছিল।

সূত্র: এনপিআর