প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধে সরকারকে আইনি নোটিশ
কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।
কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।
গত ২৭ আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশের চলচ্চিত্র ও নাটকে প্রেম ও রোমান্সনির্ভর গল্পের আধিক্য দেখা যাচ্ছে। কিছু নাটক ও সিনেমায় পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে পারিবারিক ও সামাজিক নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়।
আইনি নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী সামাজিক শৃঙ্খলা রক্ষার কথা তুলে ধরা হয়েছে। ৩৯ অনুচ্ছেদে বাক্স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি সংরক্ষণ রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে যুক্তি দেওয়া হয়।
নোটিশে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মামুন। নোটিশে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন