যুদ্ধ আতঙ্কে দুবাই ছাড়ছেন অতি ধনীরা, পালাতে খরচ লাখো ডলার
আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই ছাড়তে শুরু করেছেন অতি ধনীরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে লাখ লাখ ডলার খরচ করে বিকল্প পথে দেশ ছাড়ার চেষ্টা করছেন।
আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই ছাড়তে শুরু করেছেন অতি ধনীরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে লাখ লাখ ডলার খরচ করে বিকল্প পথে দেশ ছাড়ার চেষ্টা করছেন।
স্বল্প কর, নিরাপত্তা ও বিলাসিতার জন্য পরিচিত এই মরু শহরটি দীর্ঘদিন ধরে বৈশ্বিক ধনকুবেরদের অন্যতম গন্তব্য ছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র আকাশসীমা অতিক্রমের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আকাশপথ আংশিক বন্ধ থাকায় স্থলপথে ওমান হয়ে ইউরোপমুখী যাত্রার চাপ বেড়েছে।
দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ–এ বসবাসকারী তুরস্কের নাগরিক এভরিম জানান, বাড়ির পাশের একটি হোটেলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার পরই তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্বামী ও দুই সন্তানকে নিয়ে প্রায় ২ লাখ ডলার ব্যয়ে ওমান হয়ে জেনেভা যাচ্ছেন এভরিম । ওমানের রাজধানী মাসকাট পৌঁছাতে মরুভূমি পেরিয়ে ছয় ঘণ্টা গাড়ি চালাতে হয়েছে।
ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো তাদের নাগরিকদের ওমান থেকে সরিয়ে নেওয়ার জন্য বিমান পাঠাচ্ছে। বেসরকারি জেট পরিচালনাকারী সংস্থা এয়ার চার্টার সার্ভিসের ব্যবস্থাপক গ্লেন ফিলিপস জানান, দুবাই থেকে পালাতে ব্যক্তিগত বিমানের চাহিদা কয়েকগুণ বেড়েছে। তবে বিমানবন্দর আংশিক বন্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে ভাড়া বেড়েছে বহুগুণ। মাসকাট সীমান্তে ৩-৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
পশ্চিমা বিত্তবানদের অনেকে ব্যক্তিগত গাড়িতে করে সৌদি আরব হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে ট্রানজিট ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে সাধারণ প্রবাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন। মাসকাট থেকে বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া দুষ্কর, দামও আকাশছোঁয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ প্রবাসী জানান, অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে মাসকাট থেকে সাধারণ বিমানের টিকিট পাওয়াই এখন অসম্ভব হয়ে পড়েছে। তিনি এএফপিকে বলেন, টিকিটের দাম আকাশচুম্বী এবং বুকিং করার মুহূর্তে আসন শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তারা ভারতের হায়দরাবাদ হয়ে থাইল্যান্ড যাওয়ার টিকিট কাটতে পেরেছেন।
তথ্যসূত্র: এএফপি