প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বদলে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা সহায়তার প্রস্তাব
মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিয়েভে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ইরানি বিস্ফোরকভর্তি ড্রোন ঠেকাতে ইউক্রেন গত চার বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত। তবে এর বিনিময়ে ইউক্রেন তাদের ঘাটতি পূরণে আরও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র চায়।
ইরান-সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ সেদিকে সরে যাওয়ায় ইউক্রেনের যুদ্ধ ইস্যু আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকা থেকে পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে আছে।
ইউক্রেন গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ইরান-নির্মিত ‘শাহেদ’ ধরনের ড্রোন হামলার মুখে পড়ছে, যেগুলো এখন রাশিয়াতেও তৈরি হচ্ছে। একই ধরনের ড্রোন মধ্যপ্রাচ্যের হামলাগুলোতেও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস।
তিনি বলেন, ইউক্রেন ইতোমধ্যে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি, ইন্টারসেপ্টর ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা কৌশল তৈরি করেছে। এসব অভিজ্ঞতা উপসাগরীয় দেশগুলোর কাজে লাগতে পারে।
তবে দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ওপর চাপ তৈরি করলে ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে বলে ইউরোপীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, মধ্যপ্রাচ্যে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মজুদ কমিয়ে দিতে পারে, যা ইউক্রেনকে সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ইরানের অস্ত্রভাণ্ডারে হামলা হলে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহেও বিঘ্ন ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ