শিশু যৌন নিপীড়নের অভিযোগে মালয়েশিয়ায় আটক করে বাংলাদেশি যুবককে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এফবিআই পরিচালক কাশ প্যাটেল। তিনি বলেন, এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২২ সাল থেকে পলাতক ছিলেন।
পোস্টে জানানো হয়, জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আনা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন প্যাটেল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে তাকে আলাস্কার ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবাইদুলের বিরুদ্ধে আলাস্কাসহ বিভিন্ন স্থানে এবং বিদেশে শত শত শিশুকে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা করে।
তদন্তে বলা হয়, তিনি ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন এবং তাদের দিয়ে যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরি করাতে বাধ্য করতেন।
যুক্তরাষ্ট্রে অভিযোগ আনার আগে জোবাইদুল মালয়েশিয়ায় বসবাস করছিলেন এবং সেখানে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি রাখা ও তৈরি করার অভিযোগ আনে।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত চালায়। গত ৪ মার্চ তাকে মালয়েশিয়া থেকে আলাস্কায় নেওয়া হয়।
অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুলের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ডালাস বার্তা ডেস্ক