২০২৭ সালে ৭ নতুন আন্তর্জাতিক রুট চালু করছে আমেরিকান এয়ারলাইন্স
ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বাহক আমেরিকান এয়ারলাইন্স ২০২৭ সালের গ্রীষ্মে সাতটি নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে।
ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বাহক আমেরিকান এয়ারলাইন্স ২০২৭ সালের গ্রীষ্মে সাতটি নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে।
ডালাস মর্নিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রুটগুলোর বেশিরভাগে এয়ারবাসের এ৩২১এক্সএলআর বিমান ব্যবহার করা হবে। এই একক-ইঞ্জিনের বিমানটি দীর্ঘ পথে উড়তে সক্ষম। গত বছর নিউ ইয়র্ক থেকে স্কটল্যান্ডের রুটে এটি প্রথম চালু হয়।
নতুন রুটের মধ্যে রয়েছে ফিলাডেলফিয়া থেকে পর্তুগালের পোর্তো ও অস্ট্রিয়ার ভিয়েনা, নিউ ইয়র্কের জেএফকে থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম ও ফ্রান্সের নিস, নর্থ ক্যারোলাইনার শার্লট থেকে স্পেনের বার্সেলোনা, শিকাগো থেকে জাপানের টোকিও এবং ফিলাডেলফিয়া থেকে আইসল্যান্ডের রেইকিয়াভিক।
এয়ারলাইন্সের নেটওয়ার্ক ও শিডিউল পরিকল্পনা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান জনোটিনস বলেছেন, নতুন রুটগুলো প্রতিষ্ঠানের প্রিমিয়াম বৈশ্বিক রুট অফার আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নিউ ইয়র্কের জেএফকে থেকে লন্ডনের হিথ্রো পর্যন্ত প্রতিদিন চতুর্থ ফ্লাইটও যোগ করা হচ্ছে।
নতুন রুটের টিকেট আগামী ৩১ আগস্ট থেকে আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে। রুটগুলো ২০২৭ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ