কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়

আয়োজক দেশ তিনটি হওয়ায় তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ফিফা বিশ্বকাপের আয়োজকদের। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা।

May 9, 2026 - 14:34
কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। ছবি: সংগৃহীত

আয়োজক দেশ তিনটি হওয়ায় তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ফিফা বিশ্বকাপের আয়োজকদের। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা।

১২ জুন লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে যুক্তরাষ্ট্র। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপতারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। তাঁদের সঙ্গে এদিন পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

খবরটি নিশ্চিত করে সঞ্জয় বলেন, ‘জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হওয়াঅবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।

সঞ্জয়ের জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। সংগীতশিল্পী, সংগীত প্রযোজক এবং ডিজে হিসেবে বেশ পরিচিতি আছে সঞ্জয়ের। নিজের কাজের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন সঞ্জয়। নিউইয়র্ক টাইমস তাঁকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।

লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই উদ্বোধনী অনুষ্ঠানটি ২০২৬ ফিফা বিশ্বকাপের বিশাল ব্যাপ্তিকে তুলে ধরবে। এই শিল্পী তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং এর সমৃদ্ধ পপ সংস্কৃতিকে ফুটিয়ে তুলবে।

একই দিনে মাঠে নামবে কানাডা। টরন্টোয় বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের আগে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।

তবে যুক্তরাষ্ট্র ও কানাডার আগে বিশ্বকাপ শুরু হবে মেক্সিকোয়। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন মেক্সিকান রক ব্যান্ড মানা, পপতারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ ও গায়িকা বেলিন্দা। থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়িকা-গীতিকার টাইলাও।

বিভিন্ন উদ্বোধনী আয়োজনে ভাগ হয়ে পারফর্ম করবেন আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী। তাঁদের মধ্যে আছেন কলম্বিয়ার জে বালভিন, ব্রাজিলের আনিত্তা, ভেনেজুয়েলার ড্যানি ওশান, ফিলিস্তিনি-চিলিয়ান শিল্পী এলিয়ান্না এবং ফ্রান্সের ভেজেড্রিম।

তথ্যসূত্র: এএফপি, প্রথম আলো