ফিফার সংস্কার দাবি মানছেন না মুনি, বিশ্বকাপ রাজস্বের সমান ভাগ চাইলেন

ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছেন ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএডব্লিউ) প্রধান নোয়েল মুনি।

Sep 22, 2026 - 19:30
ফিফার সংস্কার দাবি মানছেন না মুনি, বিশ্বকাপ রাজস্বের সমান ভাগ চাইলেন
উইকিমিডিয়া কমন্স

ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছেন ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএডব্লিউ) প্রধান নোয়েল মুনি।

বিবিসি রেডিও ওয়েলসের ফোন-ইন অনুষ্ঠানে মুনি বলেন, কাতার বিশ্বকাপে ফিফার রাজস্ব ছিল প্রায় ৮০০ কোটি ডলার, আর এবারের যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে সেটি দ্বিগুণ হয়ে ১ হাজার ৬০০ কোটি ডলার হয়েছে। সেই অনুপাতে সদস্য ফেডারেশনগুলোকেও শতভাগ বেশি অর্থ দেওয়া উচিত।

মুনি জানান, বিশ্বকাপ শুরুর আগে মায়ামিতে ২১১টি ফেডারেশনের বৈঠকে তিনি সরাসরি এই দাবি তুলেছিলেন। তিনি বলেন, ফিফার হাতে কোটি কোটি ডলারের রিজার্ভ আছে, তাই বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন নেই।

ইনফান্তিনোর 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' পরিকল্পনায় বিশ্বকাপসহ অন্য প্রতিযোগিতার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ছিল, যা ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। এফএডব্লিউ ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারকারী প্রথম সংস্থাগুলোর একটি। মুনি বলেছেন, তিনি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের নির্বাচনে সমর্থন দেবেন না।

ইনফান্তিনো আগামী ২০২৭ সালের মার্চ মাসে চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়াবেন। বিরোধী প্রার্থীর মনোনয়নের শেষ সময়সীমা আগামী ১৮ নভেম্বর।

সূত্র: বিবিসি স্পোর্ট