সিইআরএনের স্কুলস ফিজিক্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয় বাংলাদেশের
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কুল পর্যায়ের পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা ‘বিমলাইন ফর স্কুলস’ (বিএল৪এস)-এ প্রথমবারের মতো বিজয়ী হয়েছে বাংলাদেশের একটি দল। ‘পোলারিস’ নামের দলটি ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সিইআরএনের ২০২৬ সালের প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ দলের একটি হিসেবে নির্বাচিত হয়েছে।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কুল পর্যায়ের পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা ‘বিমলাইন ফর স্কুলস’ (বিএল৪এস)-এ প্রথমবারের মতো বিজয়ী হয়েছে বাংলাদেশের একটি দল। ‘পোলারিস’ নামের দলটি ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সিইআরএনের ২০২৬ সালের প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ দলের একটি হিসেবে নির্বাচিত হয়েছে।
গত ২ জুন সিইআরএন বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের দল বিজয়ী হয়েছে।
বাংলাদেশের পোলারিস দলে রয়েছেন নোয়াখালী, ঢাকা ও রংপুরের পাঁচ কলেজশিক্ষার্থী। তাদের কোচ হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. নিশাদ আহমেদ জীবন।
বিজয়ী পাঁচ দলের একটি হিসেবে নির্বাচিত হওয়ায় আগস্টে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের ইএলএসএ (ELSA) কণা ত্বরক কেন্দ্রে নিজেদের প্রস্তাবিত গবেষণা বাস্তবায়নের সুযোগ পাবে দলটি।
২০১৪ সালে শুরু হওয়া ‘বিমলাইন ফর স্কুলস’ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কণা ত্বরক ব্যবহার করে পরিচালনাযোগ্য গবেষণা প্রস্তাব জমা দেয়। নির্বাচিত দলগুলোকে বাস্তব গবেষণার সুযোগ দেওয়া হয়।
এবার প্রতিযোগিতায় ৮৯টি দেশের ৭১২টি দল অংশ নেয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ। চার হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। সেখান থেকে ৫০টি দলকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয় এবং শেষ পর্যন্ত পাঁচটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
পোলারিসের গবেষণা প্রস্তাবের লক্ষ্য ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিকিরণ রশ্মি পর্যবেক্ষণের জন্য অপেক্ষাকৃত টেকসই ও কম খরচের প্রযুক্তি পরীক্ষা করা। দলটি ‘পলিসিলোক্সেন’ নামের একটি উপাদানকে বিকিরণ শনাক্তকরণে ব্যবহারযোগ্য কি না, তা যাচাই করতে চায়।
সিইআরএনের তথ্যমতে, পোলারিস দলের সদস্যরা হলেন সালমান আলম সোহান, নাজিফা তাসনিম, মো. আবদুল রহিম পরশ, নাজিয়া তিতিম এবং এস এম তাওসিফ। তারা নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজ, ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
প্রতিযোগিতার অংশ হিসেবে জার্মানিতে যাতায়াত, থাকা ও খাবারের ব্যয় আয়োজকেরা বহন করবে। তবে গবেষণা শেষে সিইআরএনের মূল কেন্দ্র পরিদর্শনের জন্য সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। এ জন্য তারা অতিরিক্ত সহযোগিতা প্রত্যাশা করছে।
পোলারিসের এই সাফল্য শুধু একটি প্রতিযোগিতায় জয় নয়; বরং আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
ডালাস বার্তা ডেস্ক