নিউ ইয়র্কের স্কুলে এআই নিষিদ্ধ, ছয় লাখ শিক্ষার্থী প্রভাবিত
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বুধবার ঘোষণা দেন যে দেশের সবচেয়ে বড় স্কুল জেলায় প্রি-কে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যা প্রায় ছয় লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করবে।

এই নিষেধাজ্ঞায় ৪০টি শিক্ষামূলক এআই টুল বন্ধ করা হবে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। তবে শিক্ষকদের ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য নয়। তারা পাঠ পরিকল্পনা তৈরি, অনুবাদ ও যোগাযোগের জন্য এআই ব্যবহার করতে পারবেন। তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো ব্যক্তিগত স্ক্রিন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
মেয়র মামদানি বলেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক ও মানবিক সম্পর্ক দরকার। প্রযুক্তি শিল্প চায় এআইভিত্তিক প্রাথমিক শিক্ষা অনিবার্য মনে হোক, কিন্তু নিউ ইয়র্ক সিটি তা মনে করে না। আগামী এক বছর এই নীতির প্রভাব পর্যবেক্ষণ করা হবে।
হাইস্কুলে সীমিত পরিসরে এআই পাইলট প্রোগ্রাম চালু হবে। গণিতের এআই প্ল্যাটফর্ম এডিয়া সপ্তাহে ২০ মিনিট এবং ইংরেজি ভাষার টুল কুইল সপ্তাহে ১৫ মিনিট ব্যবহার করা যাবে। প্রতিবন্ধী শিক্ষার্থী, বহুভাষী শিক্ষার্থী ও ক্যারিয়ার প্রস্তুতি কোর্সের শিক্ষার্থীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের ৪০০ গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, শ্রেণিকক্ষে জেনারেটিভ এআই ব্যবহারের ক্ষতিকর দিক ইতিবাচক দিকের চেয়ে বেশি। গবেষকরা একে ডিজিটাল অ্যামনেসিয়া বলছেন, যেখানে শিক্ষার্থীরা পড়া বিষয়ের মৌলিক তথ্যও মনে রাখতে পারে না। সূত্র: আল জাজিরা।