ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিল ফ্রান্স
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে এবং ফিফার সুশাসন নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের দাবি তুলেছে।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে এবং ফিফার সুশাসন নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের দাবি তুলেছে।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এফএফএফ সভাপতি ফিলিপে দিয়ালো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর আগে জুনে ফেডারেশনটি ইনফান্তিনোর সমর্থনে অবস্থান নিয়েছিল।
ফ্রান্সের আগে ইংল্যান্ড, ইতালি, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস ইতিমধ্যে ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহার করেছে। বিশ্বকাপের বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা ঘোষণার পর এই বিতর্কের সূত্রপাত।
দিয়ালো বলেন, ফুটবলের ভবিষ্যতের ওপর এত বড় প্রভাব ফেলতে পারে এমন একটি পরিকল্পনা ব্যাপক তথ্য, গভীর পরামর্শ ও পুরোপুরি স্বচ্ছ সিদ্ধান্ত প্রক্রিয়া ছাড়া নেওয়া যায় না। ইনফান্তিনো পরিকল্পনাটি বাতিল করলেও এফএফএফ বলছে ফিফার শাসনসংকট এখনো সমাধান হয়নি।
এফএফএফ ঘোষণা করেছে, তারা ফিফার সুশাসন, স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করতে কনফেডারেশন, জাতীয় ফেডারেশন, খেলোয়াড়, সমর্থক ও বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা শুরু করবে। ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এফএফএফ ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সভাপতি নির্বাচনের আগে এই পুনর্গঠনের প্রস্তাব তুলে ধরতে চায়।
সূত্র: বিবিসি স্পোর্ট