গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর
পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬০০ কোটির বেশি টাকা প্রদেয় কর দাবি ঘিরে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।
পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬০০ কোটির বেশি টাকা প্রদেয় কর দাবি ঘিরে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বলে প্রথম আলো জানিয়েছে। গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুস সামাদ আজাদ জানান, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রায় ৬৬৬ কোটি টাকা অনাদায়ি ছিল। রিট খারিজ হওয়ায় এখন ট্যাক্স ডিপার্টমেন্ট ৩০ দিন সময় দিয়ে দাবি আদায়ে নোটিশ ইস্যু করবে।
এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট একই রিট খারিজ করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়, কারণ বেঞ্চের দ্বিতীয় বিচারক আগে এসব মামলায় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছিলেন। পরে প্রধান বিচারপতি নতুন বেঞ্চে মামলা পাঠান।
গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর আপিল করা হবে। সূত্র: প্রথম আলো।