টেক্সাসে শুরু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির পরীক্ষা

টেক্সাস বৃহস্পতিবার বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরীক্ষার জন্য তিন বছর মেয়াদি পাইলট প্রকল্প প্রজেক্ট নেক্সাস চালু করেছে। রাজ্যটি একটি বহুরাজ্যীয় উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে, যেখানে অটোমেটেড বিমান দিয়ে কার্গো এবং ভবিষ্যতে যাত্রী পরিবহনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

Sep 11, 2026 - 08:25
টেক্সাসে শুরু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির পরীক্ষা
উইকিমিডিয়া কমন্স: Harlan Huntington / U.S. Air Force

টেক্সাস বৃহস্পতিবার বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরীক্ষার জন্য তিন বছর মেয়াদি পাইলট প্রকল্প প্রজেক্ট নেক্সাস চালু করেছে। রাজ্যটি একটি বহুরাজ্যীয় উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে, যেখানে অটোমেটেড বিমান দিয়ে কার্গো এবং ভবিষ্যতে যাত্রী পরিবহনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

মার্কিন পরিবহনমন্ত্রী শান ডাফি জানান, তারা এই প্রকল্পের জন্য ফেডারেল কর্তৃত্ব টেক্সাসকে অর্পণ করেছেন। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে সিনেটর টেড ক্রুজ বলেন, আজকের দিনটি উদ্ভাবনের দিন।

বৈদ্যুতিক এই বিমানগুলো সাধারণ বিমান, ড্রোন ও হেলিকপ্টারের বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি। প্রথম পর্যায়ে পাইলটরা কার্যকর রুট নির্ধারণ করবেন; পরবর্তী পর্যায়ে পাইলটবিহীন কিছু কার্যক্রমের অনুমোদন নেওয়া হবে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের এভিয়েশন বিভাগের পরিচালক ড্যানিয়েল হারমন বলেন, স্বায়ত্তশাসিত বিমানে প্রথমে চিকিৎসা সামগ্রী ও মালামাল পরিবহন করা হবে। জোবি এবং আর্চার কোম্পানি এই প্রকল্পে অংশ নিচ্ছে; আর্চার ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় যাত্রী পরিবহনের পরিকল্পনা করছে।

ন্যাশনাল বিজনেস এভিয়েশন অ্যাসোসিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা ক্রিস রোশেলো এটিকে বিমান চালনার ইতিহাস বলে অভিহিত করেছেন। হারমন বলেন, ভবিষ্যতে মানুষ উবারের মতো অ্যাপে গাড়ি বা এয়ার ট্যাক্সি বেছে নিতে পারবেন।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ