ডিপ স্টেটের অজুহাতে মার্কিন গোয়েন্দা সংস্থায় ব্যাপক রদবদল ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থায় ব্যাপক রদবদল করছেন। তিনি এই কর্মকর্তাদের ডিপ স্টেটের অংশ বলে অভিহিত করেছেন এবং তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে এই প্রক্রিয়া চলমান রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থায় ব্যাপক রদবদল করছেন। তিনি এই কর্মকর্তাদের ডিপ স্টেটের অংশ বলে অভিহিত করেছেন এবং তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে এই প্রক্রিয়া চলমান রয়েছে।
এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১-র ২৫তম বার্ষিকীর প্রাক্কালে প্রকাশিত এই বিশ্লেষণে সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফার বলেন, ২০০১ সালের পর গোয়েন্দা সংস্থাগুলো নতুন প্রযুক্তি ও সক্ষমতা অর্জন করেছিল, যার ফলে ওসামা বিন লাদেনকে ২০১১ সালে খুঁজে বের করা এবং আল-কায়েদা ও ইসলামিক স্টেটকে ধ্বংস করা সম্ভব হয়।
দেশের অভ্যন্তরে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তৈরি হয়েছে, যেখানে আড়াই লাখ কর্মী রয়েছেন। ৯/১১-পরবর্তী সময়ে সামরিক ও গোয়েন্দা বাজেট ব্যাপকভাবে বেড়েছে এবং যুক্তরাষ্ট্র আর দেশের মাটিতে বড় ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়নি।
তবে সমালোচকরা বলছেন, ট্রাম্প অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে অনুগতদের দায়িত্ব দিচ্ছেন। লেখক টিম ওয়েইনার বলেন, পেন্টাগনে পিট হেগসেথ, এফবিআইতে কাশ প্যাটেল এবং সিআইএতে জন র্যাটক্লিফ নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা প্রেসিডেন্টকে প্রয়োজনীয় তথ্যের বদলে পছন্দের তথ্য দেবেন।
ওয়েইনার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে ওঠা মার্কিন জাতীয় নিরাপত্তার কাঠামো ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলছে। ৯/১১-র ২৫তম বার্ষিকীতে এই রদবদল নিয়ে সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: এনপিআর