ডলি পার্টনের নামে হচ্ছে ন্যাশভিল বিমানবন্দরের নাম
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের নাম কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টনের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দুটি প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষই।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের নাম কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টনের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দুটি প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষই।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, গত শুক্রবার রাজ্য-নিয়ন্ত্রিত মেট্রোপলিটান ন্যাশভিল বিমানবন্দর কর্তৃপক্ষের বৈঠকে নাম পরিবর্তনের প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়। ন্যাশভিলের ডেমোক্রেটিক মেয়র ফ্রেডি ওকনেল ও শহর-নিয়ন্ত্রিত পৃথক বিমানবন্দর বোর্ডও এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে।
পার্টনের মৃত্যুর পর লিডিয়া পপোভিচের অনলাইন পিটিশনে এক লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ সই করেছেন। নাম পরিবর্তন হলে পার্টন হবেন যুক্তরাষ্ট্রের ৫০টি ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে প্রথম নারী, যার নামে কোনো বিমানবন্দর নামকরণ হলো।
জীবদ্দশায় পার্টন এ ধরনের সম্মান প্রত্যাখ্যান করতেন। ২০২১ সালে টেনেসি আইনসভা তার নামে ক্যাপিটলে একটি ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নিলে তিনি প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, নাম পরিবর্তনে এক বছর বা তার বেশি সময় লাগতে পারে এবং পার্টনের এস্টেটের সঙ্গে পণ্য বিক্রয়ের রাজস্ব ভাগাভাগির বিষয়ে আলোচনা করতে হবে।
টেনেসি রাজ্য ও ন্যাশভিল শহরের মধ্যে বিমানবন্দর নিয়ন্ত্রণ নিয়ে ২০২৩ সাল থেকে আইনি বিরোধ চলছে। তবে পার্টনের নামে নামকরণের বিষয়ে উভয় পক্ষ একমত হওয়াকে বিরল দলীয় ঐক্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র: এনবিসি ডিএফডব্লিউ