আইসিইর হেফাজতে চীনা নাগরিকের মৃত্যু, তদন্তের দাবি বেইজিংয়ের
যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একজন চীনা নাগরিক মারা গেছেন। গত ২৩ আগস্ট সাইপানের একটি হাসপাতালে ৫১ বছর বয়সী লিয়ানইয়ং ওয়েইকে মৃত ঘোষণা করা হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ আগস্ট নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের পুলিশ একটি পরিবারের পাঁচজন সদস্যের ওপর হামলার অভিযোগে ওয়েইকে গ্রেপ্তার করে। পরের দিন ২২ আগস্ট তাকে বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে আইসিইর হেফাজতে দেওয়া হয়।
আইসিই জানিয়েছে, ২৩ আগস্ট সকালে নিয়মিত পরিদর্শনে কারাগারের একজন রক্ষী ওয়েইকে অচেতন অবস্থায় খুঁজে পান। তাকে জরুরি বিভাগে নেওয়া হয় এবং জীবন রক্ষার চেষ্টার পরও তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ তদন্তাধীন।
লস অ্যাঞ্জেলেসে চীনের কনস্যুলেট জেনারেল মার্কিন কর্তৃপক্ষের কাছে গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত পুঙ্খানুপুঙ্খ তদন্ত, ফলাফল প্রকাশ, ভবিষ্যতে একই ঘটনা রোধে পদক্ষেপ এবং ওয়েইয়ের পরিবারকে সহায়তার দাবি করেছে।
ওয়েই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রবেশ করেন, দুই সপ্তাহের অনুমতি নিয়ে। ২০২৬ সালের জুলাইয়ে তার বহিষ্কার কার্যক্রম শুরু হয়। এপির হিসাবে, ২০২৫ সালের মার্চ থেকে আইসিই ও মার্কিন সীমান্ত টহলের হেফাজতে মারা যাওয়া চীনা নাগরিকের সংখ্যা অন্তত পাঁচে দাঁড়াল।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস