যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের প্রথমার্ধে গৃহঋণ খেলাপি ২১ শতাংশ বেড়েছে
যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গৃহঋণ খেলাপি বা ফোরক্লোজার মামলা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ এবং ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গৃহঋণ খেলাপি বা ফোরক্লোজার মামলা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ এবং ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে।
এবিসি নিউজ ও এটম ডেটার যৌথ বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ফোরক্লোজার মামলা মোট ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাকালীন সুরক্ষামূলক ব্যবস্থা তুলে নেওয়ার পর থেকেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়।
জিপ কোড ভিত্তিতে সবচেয়ে বেশি ফোরক্লোজার রয়েছে ফ্লোরিডায়, এরপর নিউ জার্সি, ডেলাওয়্যার, নেভাডা ও সাউথ ক্যারোলিনায়। টেক্সাসের লিবার্টি কাউন্টির ৭৭৩২৭ জিপ কোডে গত ছয় বছরে ৮ হাজার ১৮৯টি মামলা নথিভুক্ত হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা উচ্চ বন্ধকি সুদের হার, সম্পত্তি কর বৃদ্ধি ও বীমার ব্যয় বাড়াকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
লিগ্যাল সার্ভিসেস এনওয়াইসির পরিচালক জ্যাকব ইনওয়াল্ড জানান, সংখ্যালঘু ও বয়স্ক মানুষদের বসবাসকারী এলাকায় ফোরক্লোজার জাতীয় গড়ের তিন গুণেরও বেশি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বিপদে পড়া গৃহমালিকদের অবিলম্বে আবাসন পরামর্শদাতার সাথে যোগাযোগ করা উচিত।
সূত্র: এবিসি নিউজ