নেতানিয়াহুর চাপে ইরানে হামলা নয়, দাবি ট্রাম্পের
ইরানে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁকে বাধ্য করেননি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন এবং গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘না, বরং আমিই হয়তো তাদের (ইসরায়েল) সিদ্ধান্ত দ্রুত নিতে প্রভাবিত করেছি। আমরা আলোচনা করছিলাম, কিন্তু আমার ধারণা ছিল তারা (ইরান) আগে হামলা চালাতে যাচ্ছিল। আমরা না করলে তারা আগে আঘাত করত।’
এর আগে ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দেন, ইসরায়েল হামলা চালাতে যাচ্ছে—এ তথ্য জানার পরই যুক্তরাষ্ট্র অভিযানে যুক্ত হয়।
ট্রাম্প আরও বলেন, ‘ইসরায়েল প্রস্তুত ছিল, আমরাও প্রস্তুত ছিলাম। আমাদের হামলায় তাদের প্রায় সব সক্ষমতাই ভেঙে পড়েছে।’
এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অ-জরুরি কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও লেবাননে দূতাবাস কার্যক্রম সীমিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ায় জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে, আর অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের বিক্রির চাপে শেয়ারবাজারে সূচকগুলো নিম্নমুখী হয়েছে।
তথ্যসূত্র: এনবিসি ৫