মার্কিন বাণিজ্যযুদ্ধের মাঝে ক্যানাডায় বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের সম্মেলন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যযুদ্ধ চলাকালে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের একটি সম্মেলনের আয়োজন করেছেন, যেখানে ১০০ ট্রিলিয়ন ক্যানাডীয় ডলারেরও বেশি সম্পদ পরিচালনাকারী ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিবিসি জানায়, সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এই সম্মেলন চলছে। আমিরাত ও নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলসহ ব্ল্যাকরকের প্রধান ল্যারি ফিংক এবং ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট জন গ্রে এতে অংশ নিচ্ছেন। এই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে ক্যানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড।
কার্নি বিনিয়োগকারীদের কাছে ক্যানাডার জ্বালানি ও সম্পদ খাত এবং রাজনৈতিক স্থিতিশীলতা তুলে ধরছেন। লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, পরিবহন ও অবকাঠামো প্রকল্পে বিদেশি বিনিয়োগ আনা।
ক্যাপিটাল ইকোনমিক্সের উত্তর আমেরিকা অর্থনীতিবিদ ব্র্যাডলি স্যান্ডার্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যানাডার রপ্তানি দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২০ শতাংশ, যা যেকোনো দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে বিশ্বের সর্বোচ্চ হারগুলোর একটি। তিনি বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ আনতে হলে মার্কিন-ক্যানাডা বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করতে হবে।
দেড় বছর আগে কার্নি বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে ক্যানাডার সম্পর্ক শেষ হয়ে গেছে। ক্যানাডা পেনশন প্ল্যানের সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ক্যানাডায় বিনিয়োগযোগ্য সুযোগের পরিধিই দেশটির সবচেয়ে বড় দুর্বলতা।
সূত্র: বিবিসি নিউজ