সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Mar 25, 2026 - 23:50
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ
চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস রেলওয়ে সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ১৭টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত একটি বগির সামনে থাকা বিদ্যুৎ উৎপাদনকারী বগি (পাওয়ার কার) থেকে আগুনের সূত্রপাত হয়।

এক যাত্রী প্রথমে আগুন দেখতে পেয়ে অন্যদের জানান। এরপর জরুরি সংকেত দিলে ট্রেনটি থামে এবং যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য স্থানীয়দের সহায়তায় আগুন লাগা বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন করা হয়। অক্ষত বগিগুলো পরে ফৌজদারহাট স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, যাত্রীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার তৎপরতায় সহায়তা করেন।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক রাখা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প বগি সংযুক্ত করে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।

ডালাস বার্তা প্রতিবেদক