‘যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদ জব্দ’
যুক্তরাজ্যে ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, আইনের শাসন ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত 'ডিক্যাব টক' অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সারাহ কুক এ তথ্য জানান। তিনি বলেন, নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়, তবে প্রতিটি ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও প্রমাণের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, গত দেড় থেকে দুই বছর ধরে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য। দেশের অর্থনৈতিক সুশাসন জোরদারেও সহযোগিতা অব্যাহত থাকবে।
আগামী জুনে লন্ডনে অবৈধ অর্থায়ন ঠেকাতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য। ২৩ ও ২৪ জুন ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
সারাহ কুক বলেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রত্যাশা করছে যুক্তরাজ্য এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলনে কালোটাকা প্রতিরোধ, অর্থপাচার চক্র ভাঙা, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ আবাসন খাতে অর্থপাচার, ক্রিপ্টো সম্পদের অপব্যবহার এবং অবৈধ সোনার ব্যবসা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
তথ্যসূত্র: ইউএনবি