ডেন্টনের ইউএনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কলেজ, ২ কোটি ডলারের অনুদান
ডেন্টনের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস (ইউএনটি) ২ কোটি ডলারের বেসরকারি অনুদানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাডভান্সড অ্যানালিটিকস বিষয়ে একটি নতুন কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
ডেন্টনের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস (ইউএনটি) ২ কোটি ডলারের বেসরকারি অনুদানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাডভান্সড অ্যানালিটিকস বিষয়ে একটি নতুন কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
ডালাস মর্নিং নিউজের প্রতিবেদন অনুযায়ী, অনুদানটি দিয়েছেন ইউএনটির প্রাক্তন শিক্ষার্থী বিকাশ সিনহা ও তাঁর স্ত্রী অনুরাধা। বিকাশ সিনহা সেমিকন্ডাক্টর ও পরিকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকমের মেইনফ্রেম সফটওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট।
নতুন কলেজে দুটি বিভাগ ও একটি আন্তঃবিষয়ক গবেষণা ইনস্টিটিউট থাকবে। একটি বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ডেটা বিজ্ঞান নিয়ে কাজ করবে; অন্যটি মানুষের সঙ্গে এই প্রযুক্তির মিথস্ক্রিয়া নিয়ে। ২ কোটি ডলার দিয়ে ছয়টি এনডাওমেন্ট গঠন করা হবে, যার মধ্যে রয়েছে বৃত্তি, অধ্যাপকপদ ও উদ্যোক্তা তহবিল।
বিকাশ সিনহা বলেন, এই কলেজ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে নয়, বরং তা নির্মাণ, বোঝা এবং দায়িত্বশীলভাবে প্রয়োগ করতে প্রস্তুত করবে। ইউএনটির রিজেন্ট বোর্ড এ বছরের শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতক ডিগ্রি অনুমোদন দিয়েছে।
২০২৪ সালে সিনহা দম্পতির ৩০ লাখ ডলার অনুদানে ইউএনটিতে ডেটা বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায় এবং গত বছর ২০ লাখ ডলারে একটি উদ্ভাবন গবেষণাগার স্থাপিত হয়। বিকাশ সিনহা ২০২৩ সালে ইউএনটি থেকে ডেটা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সূত্র: ডালাস মর্নিং নিউজ