যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে, প্রতি গ্যালন ৫.৮৫ ডলার
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে। মার্কিন অটোমোবাইল সংস্থা এএএ জানিয়েছে, জাতীয় গড়ে প্রতি গ্যালন ডিজেলের দাম এখন ৫ দশমিক ৮৫ ডলার।
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে। মার্কিন অটোমোবাইল সংস্থা এএএ জানিয়েছে, জাতীয় গড়ে প্রতি গ্যালন ডিজেলের দাম এখন ৫ দশমিক ৮৫ ডলার।
এনপিআরের প্রতিবেদনে জানানো হয়েছে, এটি ২০২২ সালের জুনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে স্থাপিত গ্যালনপ্রতি ৫ দশমিক ৮১ ডলারের আগের রেকর্ড ছাড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে ডিজেলের দাম ছিল গ্যালনপ্রতি ৩ দশমিক ৭৬ ডলার, এখন তা দুই ডলারের বেশি বেড়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়া, ইউক্রেনের রুশ তেল শোধনাগারে হামলা এবং এশিয়ার বেশ কিছু শোধনাগারের রপ্তানি কমানো একসঙ্গে ডিজেলের বাজারে এই চাপ তৈরি করেছে। ডাউ জোন্স এনার্জির প্রধান হাইমে ব্রিটো জানান, জেট ফুয়েলের দাম বেশি থাকায় শোধনাগারগুলো ডিজেল উৎপাদন কমিয়ে জেট ফুয়েল বাড়িয়েছে।
নিউ ইয়র্কের সেনেকা ক্যাসেলের কৃষক ডেল হেমিঞ্জার জানান, এ বছর ১০ হাজার গ্যালনের একটি ট্যাংক ভরতে তার খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার ডলার, যা গত বছর ছিল প্রায় ২৫ হাজার ডলার। দেশের পাঁচ লাখ স্কুলবাসের মধ্যে ৯০ শতাংশ ডিজেলচালিত, যা স্থানীয় শিক্ষাবোর্ডগুলোর বাজেটেও চাপ ফেলছে।
গ্যাসবাডির তেল বিশ্লেষক প্যাট্রিক ডি হান জানান, ডিজেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো সরবরাহ শৃঙ্খলে কারণ ট্রেন, ট্রাক্টর ও ট্রাক ডিজেলনির্ভর। সর্বশেষ ভোক্তামূল্য সূচক অনুযায়ী, গত বছরের তুলনায় সামগ্রিক মূল্যস্ফীতি ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
সূত্র: এনপিআর